ফতুল্লায় পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ
নারায়ণগঞ্জ শহরের পুলিশ লাইন এলাকায় গতকাল রোববার রপ্তানিমুখী একটি পোশাক কারখানার অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওই পোশাক কারখানার নাম ডেনিসন অ্যাটায়ার্স লিমিটেড।কারখানার শ্রমিক মনির হোসেন বলেন, ১৫ দিন ধরে শ্রমিকদের বাধ্যতামূলক রাতের পালায় কাজ করানো হচ্ছে। দিনের পর দিন রাতে কাজ করার সময় নিম্নমানের খাবার খেয়ে শ্রমিকেরা দুর্বল হয়ে পড়েন। মালিকপক্ষকে বিষয়টি জানালেও শ্রমিকদের ছুটি দেওয়া হচ্ছে না। গতকাল সকালে কাজে যোগ দেওয়ার পর থেকে দুপুর পর্যন্ত একে একে অর্ধশত নারী ও পুরুষ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের নগরীর খানপুর ৩০০ শয্যার হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
খানপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পঞ্চমী গোস্বামী বলেন, ঠিকমতো না ঘুমানো ও তৈলাক্ত খাবার খাওয়াসহ অ্যাসিডিটির কারণে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে।
বিকেএমইএর সহসভাপতি জি এম ফারুক বলেন, অতিরিক্ত কাজ করতে গিয়ে শ্রমের বিপরীতে যতটুকু তাঁদের প্রোটিন বা খাবার গ্রহণ করা প্রয়োজন, সেটা তাঁরা করেন না। এ কারণে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েছেন।