ফতুল্লায় পোশাক কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার পঞ্চবটীর বিসিক শিল্পনগরের একটি রপ্তানিমুখী নিটওয়্যার কারখানায় গতকাল শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার বেলালউদ্দিন বলেন, ভোরে খবর পেয়ে স্টেশনের দুটি ইউনিট পঞ্চবটীর বিসিক শিল্পনগরের মোল্লা নিট ফ্যাশনস লিমিটেড কারখানায় যায়। কারখানার সাততলায় আগুনের শিখা দেখা যায়। প্রায় আধঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারখানার প্রতিটি গেট তালাবদ্ধ থাকায় তাদের কাজ করতে বেগ পেতে হয়েছে। পরে তালা কেটে কারখানার ভেতরে ঢুকে আগুন নেভাতে হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে কারখানার ছুটি শেষে সব গেট তালাবদ্ধ করে তিনিসহ সবাই বাড়ি চলে যান। ভোর সাড়ে পাঁচটার দিকে কারখানার নিরাপত্তারক্ষী সাততলায় আগুনের শিখা দেখে তাঁর ছেলে আবদাল ও আবিরকে মুঠোফোনে জানান। খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।