ফতুল্লায় পোশাক কারখানায় আগুন, ব্যাপক ক্ষতি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গত সোমবার রাতে আগুন লেগে একটি পোশাক কারখানার বিপুল পরিমাণ সুতা, কাপড় এবং যন্ত্রাংশ পুড়ে গেছে।
রাতে আগুন লাগায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফতুল্লার পঞ্চবটির বিসিক শিল্পনগরে অবস্থিত জিকে নিট ফ্যাশনে এ ঘটনা ঘটে।
ওই পোশাক কারখানার মালিক জাহিদুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে কারখানার পঞ্চমতলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে গুদামে রাখা বিপুল পরিমাণ সুতা, কাপড় এবং যন্ত্রাংশ পুড়ে যায়। এতে কারখানার প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জাহিদুল দাবি করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক মমতাজ উদ্দিন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।