ফতুল্লায় পোশাক কারখানায় আগুন ব্যাপক ক্ষতি
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগরে একটি তৈরি পোশাক কারখানায় আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে কারখানা বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, এমভি নিট ফ্যাশন নামে ওই কারখানার সাততলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে ওপরের সব কটি তলায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের দুই শতাধিক সদস্য প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আহসানুল কবির প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।কারখানার মালিক এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সহসভাপতি মোহাম্মদ হাতেম জানান, তৃতীয় থেকে সপ্তম তলায় বিপুল পরিমাণ তৈরি পোশাক মজুদ ছিল। সেগুলো ছাড়াও আগুনে ১২টি কম্পিউটার, দুটি রেফ্রিজারেটর, ছয়টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, আসবাবপত্রসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। এতে কমপক্ষে আট কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।