ফতুল্লায় পোশাক কারখানায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কায়েমপুর এলাকায় অবস্থিত গত শনিবার গভীর রাতে ফকির নিটওয়্যারস লিমিটেডের একটি নির্মাণাধীন ভবনে গত শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ টি-শার্ট, সুতা, পলিথিন ও নির্মাণসামগ্রী। আগুন নেভাতে গিয়ে পাঁচ দমকলকর্মীসহ ১৫ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কায়েমপুরে ফকির নিটওয়্যারসের নির্মাণাধীন একটি ভবনের নিচতলায় আগুন লাগে। ফ্যাক্টরির ডাইং ও নিটিং সেকশনের রাতের পালার শ্রমিকেরা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের ভয়াবহতায় তাঁরা অসহায় হয়ে পড়েন।খবর পেয়ে নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া, হাজীগঞ্জ, ঢাকার হেডকোয়ার্টার, ডেমরা, সদরঘাট ফায়ার স্টেশনের ১২টি ইউনিট ভোররাত পৌনে পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে সিনিয়র স্টেশন অফিসার ইয়াহিয়া, স্টেশন অফিসার সায়েম, ফায়ারম্যান জহিরুল হক, মনির হোসেন, তাজুলসহ ১৫ জন আহত হন। ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আহসানুল কবির জানান, কারখানার শ্রমিক ও স্থানীয় এলাকাবাসীর অত্যধিক জটলা ও ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা স্বাভাবিকভাবে কাজ করতে পারেনি। তাই আগুন দোতলায়ও ছড়িয়ে পড়ে। আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আগুনের ক্ষয়ক্ষতি ও কারণ নিরূপণে তদন্ত করে দেখা হচ্ছে।