ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন টাগারপাড়ে অবস্থিত কটন পাওয়ার এক্সেল নিট লিমিটেডের শ্রমিকেরা। গতকাল শনিবার সকাল আটটায় কারখানার সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কটন পাওয়ার কারখানার শ্রমিক ঊর্মির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি ও গাবতলী পুলিশ লাইন শাখার সভাপতি সাইফুল ইসলাম শরীফ।
সাইফুল ইসলাম শরীফ বলেন, কটন পাওয়ার এক্সেল নিট লিমিটেডে শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া। বেতন চাইলে মালিক কর্তৃপক্ষের লোকজন শ্রমিকদের গালিগালাজ করেন ও ভয়ভীতি দেখান। এ কারখানার ৯০ ভাগ শ্রমিকই নারী। বাসা ভাড়া ও দোকানের পাওনা পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালা ও দোকানদারদের হাতে লাঞ্ছিত হতে হচ্ছে শ্রমিকদের। শ্রমিকেরা অনাহারে-অর্ধাহারে দিন যাপন করছেন। অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের জন্য বিভিন্ন সরকারি সংস্থা ও বিকেএমইএর প্রতি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।