ফতুল্লায় বাসচাপায় শ্রমিক নিহত, অবরোধ-ভাঙচুর
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূঁইগড় এলাকায় গতকাল শনিবার সকালে রাস্তা পারাপারের সময় বাসের চাপায় হোসেন আলী (২৮) নামের পোশাক তৈরির কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকেরা নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়ক অবরোধ করে চারটি বাস ভাঙচুর করেন। অন্যদিকে বাসের চালক ও সহকারীকে অপহরণের গুজবে পরিবহন শ্রমিকেরা শহরের চাষাঢ়া এলাকার সড়কে এলোপাতাড়ি গাড়ি রেখে পাল্টা অবরোধ সৃষ্টি করেন। দুই পক্ষের অবরোধের কারণে সড়কে সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়ে হাজার হাজার মানুষ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে ভূঁইগড় এলাকায় অবস্থিত এসবি নিটওয়্যার লিমিটেডের আয়রনম্যান হোসেন আলী ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক পার হওয়ার সময় সেতু পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। তিনি শেরপুরের শ্রীবরদী উপজেলার চকপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে। তিনি ভূঁইগড়ে একটি বাসায় ভাড়া থাকতেন। বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এসবি নিটওয়্যার লিমিটেডের কয়েক হাজার শ্রমিক কাজ বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা সেতু পরিবহনের চারটি বাস আটকে রাখেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশের মধ্যস্থতায় পোশাক কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন পরিবহন মালিকেরা। কিন্তু কোনো সমঝোতা না হওয়ায় সকাল সাড়ে ১০টায় ক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেন। তাঁরা আটকে রাখা সেতু পরিবহনের চারটি বাস ভাঙচুর করেন ও আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় শ্রমিকেরা আরও পাঁচ-ছয়টি যান ভাঙচুর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে পোশাক কারখানার শ্রমিকেরা সেতু পরিবহনের চালক ও সহকারীকে অপহরণ করেছেন—এমন গুজবকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকেরা বেলা ১১টায় শহরের চাষাঢ়া এলাকার সড়কে এলোপাতাড়ি গাড়ি রেখে অবরোধ সৃষ্টি করেন। অপহরণের ঘটনাটি নিছক গুজব বলে পরিবহন শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে পুলিশ। বিষয়টি নিশ্চিত হওয়ার পর দুপুর একটার দিকে পরিবহন শ্রমিকেরা অবরোধ তুলে নেন। নারায়ণগঞ্জ জেলা মিনিবাস মালিক ঐক্যজোটের সভাপতি মোক্তার হোসেন বলেন, সকালে দুর্ঘটনার পর পরিবহন মালিক কর্তৃপক্ষ আহত শ্রমিকের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করে। কিন্তু ওই পোশাক কারখানার কর্তৃপক্ষ ৫০ হাজার টাকা দাবি করে। দাবি অনুযায়ী টাকা না পেয়ে পোশাক শ্রমিকেরা বাস ভাঙচুর করেছেন।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার বেলা সোয়া তিনটার দিকে জানান, পোশাক শ্রমিকেরা চারটি বাস ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।