ফতুল্লায় বাসচাপায় শ্রমিকের মৃত্যু, ভাঙচুর ও সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পাগলা এলাকায় গতকাল রোববার বিকেলে বাসচাপায় রিয়াদ আহমেদ (১৫) নামের এক রি-রোলিং মিল-শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে ও জ্বালিয়ে দিয়ে প্রায় আধা ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়ক অবরোধ করে রাখে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীখোলা এলাকার তাজ রি-রোলিং মিল কারখানার শ্রমিক রিয়াদ রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী আনন্দ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উত্তেজিত জনতা ধাওয়া করে বাসটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়নুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।