ফতুল্লায় বাড়ি দখলের চেষ্টা!
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর এলাকায় গতকাল মঙ্গলবার সকালে একটি বাড়ি দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই বাড়ির ভাড়াটেদের বের করে দিয়ে নগদ ১৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুট করারও অভিযোগ পাওয়া গেছে। ওই বাড়ির মালিক গৃহবধূ সুফিয়া বেগম বলেন, খরিদ সূত্রে তিনি ওই বাড়ির মালিক। ১৫ বছর ধরে তিনি বাড়িটিতে বসবাস করছেন। গতকাল সকালে বাড়ির মালিকানা দাবি করে নিজাম ও মিজান নামের দুই ব্যক্তি ৫০-৬০ জন সন্ত্রাসী নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় পাঁচ ভাড়াটেকে বের করে দেওয়া হয়। আসবাব ভাঙচুর করে নগদ ১৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে এলাকাবাসী ধাওয়া দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের পায়নি। এর আগেই তারা পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।