ফতুল্লায় বিএনপি নেতার বাড়িতে ডাকাতির অভিযোগ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা দৌলতপুর এলাকায় গত শনিবার রাতে এক বিএনপি নেতার বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাকাত দলের ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছে। পুলিশ বলছে, ডাকাতির ঘটনাটি রহস্যজনক।কুতুবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামের ভাই মহিদুল ইসলাম জানান, শনিবার রাত আড়াইটায় ১০-১৫ জনের একদল ডাকাত তাঁদের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। তারা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ২৫ লাখ টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোনসেট লুট করে নিয়ে যায়। ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় গৃহকর্তা সাইদুল ইসলাম চিৎকার করলে ডাকাতেরা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ককটেলের বিস্ফোরণে সাইদুল ইসলাম আহত হন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার বলেন, ডাকাতির বিষয়টি রহস্যজনক।