ফতুল্লায় বিবিএর শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার চেষ্টা
নারায়ণগঞ্জ সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরের বিবিএ পড়ুয়া ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের গুরুতর অবস্থায় উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার পাগলা রেলস্টেশন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ফাহিম রাজধানীর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকার ওয়াসিম গ্রুপের সঙ্গে ফাহিমের পূর্ববিরোধ ছিল। গতকাল দুপুরে ফতুল্লার পাগলা রেলস্টেশনে ফাহিম বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। এ সময় পূর্ববিরোধের জের ধরে ওয়াসিমের নেতৃত্বে সাত-আটজন লাঠিসোঁটা, হকিস্টিক ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা ফাহিমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় এবং মারধর করে। এ সময় ফাহিমকে বাঁচাতে তাঁর বন্ধু বাবু, মহসিন ও বিদ্যুৎ এগিয়ে এলে তাঁরাও মারধরের শিকার হন। আশপাশের লোকজন ফাহিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ফাতেমা মনির অভিযোগ করেন, তাঁদের প্রতিপক্ষ তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালায়। ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন বলেন, ‘ঘটনাটি রেলওয়ে পুলিশের এলাকায়। তাই মামলা রেলওয়ে থানায় হবে। প্রয়োজনে আমরা তাদের সহায়তা করব।’