ফতুল্লায় ব্যবসায়ী নেতাকে গুলি করে ১৩ লাখ টাকা ছিনতাই
নারায়ণগঞ্জের ফতুল্লায় শিল্পপতি এক ব্যবসায়ী নেতার পায়ে প্রকাশ্যে গুলি করে গাড়িতে থাকা ১৩ লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। পালিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।গতকাল রোববার দুপুরে ফতুল্লার পঞ্চবটী মেথরখোলা এলাকায় এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ কামাল মিয়া (৪৭) ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সদ্য সাবেক সভাপতি ও ফতুল্লার নরসিংহপুরে হাজি হাশেম স্পিনিং মিলের পরিচালক। তাঁর বড় ভাই এম সোলায়মান ওই স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক। কামালকে শহরের খানপুর অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।চিকিৎসাধীন কামাল মিয়া বলেন, দুপুরে শহরের টানবাজার এক্সিম ব্যাংক থেকে ১৩ লাখ টাকা তুলে তিনি ব্যক্তিগত গাড়িতে চড়ে স্পিনিং মিলে রওনা হন। সঙ্গে ছিলেন ভাতিজা শাকিল আহমেদ, মিলের কর্মকর্তা জাহিদ হোসেন ও চালক মোস্তফা। তাঁদের গাড়িটি ফতুল্লার পঞ্চবটী মেথরখোলাসংলগ্ন একটি কারখানার সামনে এলে দুটি মোটরসাইকেলে দুজন ছিনতাইকারী গাড়িটির গতিরোধ করে। সঙ্গে সঙ্গে সেখানে অপেক্ষারত আরও দু-তিনজন ছিনতাইকারী তাঁদের গাড়িটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হলে ছিনতাইকারীরা গাড়িতে থাকা ১৩ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। বেশ কয়েকজন পথচারী ঘটনাস্থলে জড়ো হলে ছিনতাইকারীরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে বার্তা পাঠানো হয়েছে।’