ফতুল্লায় ব্যবসায়ীর সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে (সংযোগ সড়ক) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূইগড় এলাকায় বৃহস্পতিবার রাতে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সাতজন ছিনতাইকারী তিনটি মোটরসাইকেলে এসে ওই ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়ির (প্রাইভেট কারের) গতি রোধ করে সাড়ে চার লাখ টাকা নিয়ে গেছে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চালক আলমকে রক্তাক্ত জখম করে। তাঁকে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবনকান্তি সরকার জানান, শহরের নিতাইগঞ্জের ময়দার মিল-মালিক সেলিম মাহমুদ ভৈরব থেকে ব্যক্তিগত গাড়িতে নারায়ণগঞ্জে আসছিলেন। পথে রাত সাড়ে ১১টায় সদর উপজেলার ফতুল্লার ভূইগড় এলাকায় তিনটি মোটরসাইকেলে চড়ে এসে সাতজন ছিনতাইকারী তাঁর গাড়ির গতি রোধ করে। এ সময় ছিনতাইকারীরা গাড়ির গাড়ির গ্লাস ভেঙে চালক আলমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তারা ব্যবসায়ী সেলিমের কাছে থাকা নগদ সাড়ে চার লাখ টাকা ও একটি হিসাবের খাতা ছিনিয়ে নেয়। প্রাইভেট কারের চালক আলমকে আহত অবস্থায় শহরের খানপুরে নারায়ণগঞ্জ ২০০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ব্যবসায়ী সেলিম মাহমুদ বাদী হয়ে মামলা করেছেন।