ফতুল্লায় যুবদলের সংঘর্ষের নেপথ্যে ‘কমিটি বাণিজ্য’
নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ ১৫ ব্যক্তির আহত হওয়ার ঘটনার নেপথ্যে জেলা যুবদলের শীর্ষ নেতৃত্বের ‘কমিটি বাণিজ্য’-ই কারণ বলে জানা গেছে।দলটির স্থানীয় নেতা-কর্মী সূত্রে জানা যায়, ফতুল্লা থানা যুবদলের সভাপতি একরামুল কবির ও সাধারণ সম্পাদক নাদিম হাসানের নেতৃত্বে কমিটি বহাল থাকা সত্ত্বেও সম্প্রতি শহীদুল্লাহ ও মাসুদুর রহমানকে যথাক্রমে সভাপতি, সাধারণ সম্পাদক করে পাল্টা একটি কমিটির কার্যক্রম শুরু হয়। জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের পছন্দে ফতুল্লা থানার বর্তমান কমিটি বিলুপ্ত না করেই শহীদুল্লাহ-মাসুদুর কমিটিকে নেপথ্যে সমর্থন দেন।মাঠপর্যায়ের নেতা-কর্মীদের অভিযোগ, পাঁচ লাখ টাকার বিনিময়ে শহীদুল্লাহ-মাসুদুরের ওই কমিটিকে সমর্থন দেয় জেলা যুবদল। বিষয়টি বর্তমান কমিটি যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বকে জানায়। কেন্দ্রীয় নেতৃত্বের চাপে জেলা যুবদল শেষ পর্যন্ত শহীদুল্লাহ-মাসুদুর কমিটিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি।কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরেই ৩ নভেম্বর ফতুল্লার পাগলার নন্দলালপুরে আধা কিলোমিটারের ব্যবধানে দুই পক্ষের সমাবেশ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি পান্না মোল্লাকে প্রকাশ্যে পিস্তল হাতে দেখা যায়। ওই ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। তবে মামলার কোনো আসামি এখনো গ্রেপ্তার হননি বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন।একরামুল কবির বলেন, তাঁর নেতৃত্বাধীন বৈধ কমিটিকে বিলুপ্ত না করেই অন্য একটি কমিটি কার্যক্রম শুরু করাতেই সংকটের শুরু।প্রতিপক্ষ শহীদুল্লাহ বলেন, জেলা যুবদল গত ১৩ অক্টোবর তাঁর নেতৃত্বাধীন কমিটিকে অনুমোদন দিলেও বিশেষ কয়েকটি কারণে শেষ পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।নগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার বলেন, ‘জেলা যুবদলের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন স্থানে কমিটি বাণিজ্যের অভিযোগ রয়েছে। মোটর গ্যারেজের গাড়ি রং করার কাজে নিয়োজিত একজন মিস্ত্রিকে একটি থানায় নেতৃত্বের আসনে বসানো হয়েছে টাকার বিনিময়ে। ফতুল্লা থানা কমিটি নিয়ে যে সংঘর্ষ ঘটেছে, তা মূলত জেলা যুবদলের বর্তমান নেতৃত্বের ব্যর্থতার ফল।’জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘টাকার বিনিময়ে কমিটি বানানো বা কাউকে নেতৃত্বের আসনে বসানো হয়নি। ফতুল্লায় নতুন কমিটি করা হলেও তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি বিভিন্ন কারণে।’জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার বলেন, ‘যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বকে অনুরোধ করেছি, ফতুল্লার ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।’