ফতুল্লায় র‌্যাব-পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী এলাকায় ট্রাকচাপায় এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে গতকাল রোববার র‌্যাব-পুলিশের সঙ্গে জনতার ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে দুই পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। এ ঘটনায় রাত সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এক ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে যান চলাচল বন্ধ ছিল। এ সময় ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, সন্ধ্যা সাতটার দিকে শহরের চাঁদমারী বস্তি এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের চাপায় সাবিনা বেগম (২৮) নামের এক নারীর মৃত্যু হয়। এরপর ওই এলাকার পাঁচ-ছয় শ মানুষ একত্র হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধ করে এবং ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে তারা রাস্তায় ১৫টি যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উত্তেজিত জনতা তাঁদের ওপর হামলা চালায়। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। পুলিশ লাঠিপেটা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে তারা রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়। ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের শিবুমার্কেট থেকে চাষাঢ়া পর্যন্ত বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। রাত সাড়ে আটটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার মাহীদুজ্জামান জানান, নিহত গৃহবধূ শহরের ইসদাইর এলাকার মো. ইয়াসিনের স্ত্রী। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।মাহীদুজ্জামান জানান, জনতার সঙ্গে সংঘর্ষে পুলিশের হাবিলদার সাদ্দাম হোসেন ও কনস্টেবল তবিবুর রহমান আহত হয়েছেন। এ ঘটনায় লোকমান (৪০), মিন্টু (২৮) ও সাহেব আলী (২৮) নামে তিনজনকে আটক করা হয়েছে। জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নয়টি রাবার বুলেট ছোড়ে।