নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবআইল রেললাইন বটতলা এলাকার একটি রপ্তানিমুখী কম্পোজিট গার্মেন্টস লে-অফ ঘোষণা করায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় ফতুল্লা শিল্পাঞ্চলের শতাধিক কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, রপ্তানিমুখী রনি কম্পোজিট ডাইং অ্যান্ড গার্মেন্টসের শ্রমিকেরা কারখানার কয়েকজন কর্মকর্তাকে মারধর করায় কর্তৃপক্ষ গত রোববার রাত থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য লে-অফ ঘোষণা করে।এদিকে উত্তেজিত শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের শান্ত করে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার বলেন, রনি কম্পোজিট ডাইং অ্যান্ড গার্মেন্টসে প্রায় সাড়ে চার শ শ্রমিক কাজ করেন। কয়েক দিন থেকে তাঁরা বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ের লক্ষ্যে তাঁরা রোববার কারখানার কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কারখানা কর্তৃপক্ষ রোববার রাতেই অনির্দিষ্টকালের জন্য কারখানা লে-অফ ঘোষণা করে। গতকাল সকাল আটটায় শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে কারখানার গেটে লে-অফ ঘোষণার নোটিশ দেখতে পান। এতে তাঁরা উত্তেজিত হয়ে কারখানায় হামলা ও ভাঙচুর চালান। এ সময় তাঁরা ফতুল্লার পোস্ট অফিস-হাজীগঞ্জ সড়কে অবস্থান নেন। একপর্যায়ে পার্শ্ববর্তী কাঠেরপুল এলাকায় পলমল গ্রুপ ও ক্যাডটেক্স গার্মেন্টসে হামলা চালায়। এ সময় ফতুল্লা শিল্পাঞ্চলের শতাধিক কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায় এবং দুপুরেই কারখানা ছুটি দেওয়া হয়। পরে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে ফতুল্লার শিবু মাকের্ট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে রাখেন। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরে পুলিশ গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তাঁরা বেলা সাড়ে ১১টায় অবরোধ তুলে নেন। শ্রমিক আবু তাহের, জাফর হাসান ও রায়হানুল কবির অভিযোগ করেন, মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা না করে হঠাৎ করেই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। শ্রম আইন আনুযায়ী তাঁদের পাওনা পরিশোধ করেনি। আরেক শ্রমিক কাউসার বলেন, ‘আমাদের গত দুই মাসের নাইট বিল ও দেড় মাসের বকেয়া বেতন পাওনা রয়েছে।’এ ব্যাপারে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।