ফতুল্লায় শ্রমিক ও পুলিশের সংঘর্ষে আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফার সংঘর্ষে ২০ শ্রমিক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বকেয়া বেতন-ভাতার দাবিতে র্যাডিকেল ডিজাইন নামে একটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক গতকাল মঙ্গলবার লিংক রোডের শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় শিল্প পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান ও টিয়ার গ্যাসের শেল ছোড়ে। সংঘর্ষে কমপক্ষে ২০ শ্রমিক আহত হন।
কয়েকজন শ্রমিক জানান, চার মাসের বকেয়া বেতনের জন্য কারখানার সাড়ে নয় শ শ্রমিক মানবেতর জীবন যাপন করছেন। কয়েক দফায় আশ্বাস দিয়েও কর্তৃপক্ষ তাঁদের বকেয়া পরিশোধ করছে না।
শিল্প পুলিশের পরিদর্শক রেজাউল করিম বলেন, শ্রমিকেরা লিংক রোডে গাড়ি ভাঙচুর ও ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার গ্যাসের শেল ছোড়ে।