ফতুল্লায় শ্রমিকদের কর্মবিরতি, মিছিল
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহার, উৎপাদন বোনাসসহ বিভিন্ন দাবিতে গতকাল রোববার সকালে দাপা এলাকার রপ্তানিমুখী পোশাক শিল্পপ্রতিষ্ঠান হামিদ ফ্যাশনের শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ-মিছিল করেছেন। পরে শ্রমিকেরা মিছিল করে শহরের চাষাঢ়ায় অবস্থিত আঞ্চলিক শ্রম দপ্তরে লিখিত অভিযোগ দেন। পুলিশ ও শ্রমিক সূত্র জানায়, গত বছরের অক্টোবর মাসে বেতন-ভাতা বৃদ্ধি, ওভারটাইম প্রদানসহ বেশ কয়েকটি দাবি জানান কারখানার শ্রমিকেরা। একপর্যায়ে কারখানার উৎপাদন ব্যবস্থাপককে (পিএম) মারধর করা হয়। এর জেরে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন। এ ঘটনায় ২১ জন শ্রমিককে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করা হয়। এ ছাড়া ওই ২১ শ্রমিককে ছাঁটাই করে কর্তৃপক্ষ। ১৪ ফেব্রুয়ারি আবার কারখানাটি চালু করা হয়। গত শনিবার মামলা প্রত্যাহার, উৎপাদন বোনাস ও ওভারটাইমের দাবি জানান শ্রমিকেরা। গতকাল সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে দেখেন প্রতিষ্ঠানের প্রবেশ ফটকে উৎপাদন বোনাস বেশি ও কোনো ওভারটাইম দেওয়া হবে না জানিয়ে নোটিশ টাঙানো রয়েছে। শ্রমিকদের অভিযোগ, আগে একজন শ্রমিক সাড়ে চার হাজার টাকায় উৎপাদন বোনাস পেতেন ৩০ টাকা। বর্তমানে পাঁচ হাজার টাকার উৎপাদন বোনাস ১০ টাকা ও ছয় হাজার টাকার উৎপাদন বোনাস ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া শ্রমিকদের সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কাজ করানো হয়। অতিরিক্ত সময়ের কাজের জন্য তাঁদের কোনো ওভারটাইম দেওয়া হয় না। শ্রমিকদের আবেদনের সত্যতা নিশ্চিত করে চাষাঢ়া আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী শ্রম পরিচালক মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত সিদ্ধান্ত হবে।