ফতুল্লায় শ্রমিকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে গতকাল শুক্রবার লিটন তালুকদার (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লিটন বরিশালের বাকেরগঞ্জ থানার নীলগঞ্জ এলাকার মৃত ওয়াজেদ আলী তালুকদারের ছেলে।নিহতের পরিবারের অভিযোগ, লিটনকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি রহস্যজনক।নিহত লিটন তালুকদারের বড় ভাই ফকির তালুকদার বলেন, তিন-চার দিন আগে লিটন পাগলা নন্দলালপুর এলাকায় রাব্বি ডায়িং কারখানায় কাজে যোগ দেন। বৃহস্পতিবার বিকেল থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। শুক্রবার সকালে তিনি জানতে পারেন, তাঁর ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে।ফকির তালুকদার অভিযোগ করেন, তাঁর ভাইকে হত্যার পর ডোবায় লাশ ফেলে রাখা হয়েছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।ফতল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি রহস্যজনক। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিটন পাগলার নন্দলালপুর এলাকায় ভাড়া থাকতেন।