ফতুল্লায় সংঘর্ষে আহত ১০
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শাসনগাঁও মুসলিমনগর এলাকায় গতকাল মঙ্গলবার এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। আহত ব্যক্তিদের মধ্যে রাসেল (১৪) নামে গার্মেন্টসের এক শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের শহরের খানপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় তৌহিদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফতুল্লার মুসলিমনগর এলাকার রপ্তানিমুখী পোশাকশিল্প প্রতিষ্ঠান শাহিল টেক্সটাইল লিমিটেডের শ্রমিক রাসেলের সঙ্গে একই গার্মেন্টসের মালামাল সরবরাহকারী আক্তারের ভাগনে সাদ্দামের ঝগড়া হয়। এই বিরোধের জের ধরে আক্তারের ভাই দিদার ও ভাগনে সাদ্দামের নেতৃত্বে সন্ত্রাসীরা রাসেলের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে আঘাত করে। এ সময় রাসেলের সহকর্মী ফয়সলকে (১৯) মারধর করে সন্ত্রাসীরা। এ ঘটনায় রাসেলের আত্মীয়স্বজন লাঠিসোঁটা, ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে রাসেল (১৪), ফয়সল (১৯), জসিমউদ্দিন (২৪), মো. হাসান (২৬), মো. হাবিবসহ (২৮) ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় গার্মেন্টস শ্রমিক রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তৌহিদ নামের এক যুবককে গ্রেপ্তার করে। বিকেল সাড়ে চারটায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, এখনো কেউ মামলা করেননি।