নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের একজন সদস্য পদপ্রার্থীকে প্রতিপক্ষের লোকজন অপহরণ করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আল মামুন (৩১) নামের ওই প্রার্থী গত বুধবার থেকে নিখোঁজ।নারায়ণগঞ্জ প্রেসক্লাবে গতকাল শুক্রবার মামুনের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্য পড়েন মামুনের ভাই আবদুল হাই কাউসার। এ সময় মামুনের মা, স্ত্রী ও ছয় বছর বয়সী মেয়ে এবং অপর দুই ভাই উপস্থিত ছিলেন।কাউসার বলেন, তাঁরা কাশিপুর ফরাজীকান্দা এলাকার বাসিন্দা। শহরের দুই নম্বর রেল গেট এলাকায় তাঁর ভাই মামুনের মালিকানাধীন একটি মোবাইল সেটের দোকান আছে।কাউসার জানান, মামুন আসন্ন ইউপি নির্বাচনে কাশিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী হন। এলাকার অন্য এক প্রার্থী মামুনকে সম্প্রতি দুই লাখ টাকার বিনিময়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দেন। রাজি না হওয়ায় ওই ব্যক্তি মামুনকে প্রাণনাশের হুমকি দেন। ২৪ মে ছিল নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন। ওই দিন সকাল সাড়ে ১০টায় বাসা থেকে বের হন মামুন। এর পর থেকে তিনি নিখোঁজ। কাউসার জানান, গত বুধবার রাতে ফতুল্লা মডেল থানায় তাঁরা একটি সাধারণ ডায়েরি করেন। সংবাদ সম্মেলনে মামুনের ফুফাতো ভাই উত্তম বলেন, বুধবার সকাল ১০টা ৩১ মিনিটে তাঁর মুঠোফোনে মামুন একটি খুদে বার্তা পাঠান। তাতে লেখা ছিল, ‘আমি নির্বাচন অফিসে গেলাম মার্কা আনতে। আমার টাকা লাগবে।’ এর পর থেকে মামুনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, জিডির পর থেকে পুলিশ মামুনকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।