ফতুল্লায় স্পিনিং মিলে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি রপ্তানিমুখী স্পিনিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ওই মিলের তুলা ও মেশিনপত্র। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গতকাল শুক্রবার দুপুরে ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় অবস্থিত এনায়েতপুর স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কারখানার মহাব্যবস্থাপক হারাধন চন্দ্র দে বলেন, দুপুর পৌনে ১২টার দিকে কারখানার একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তাঁদের কারখানার মেশিনপত্র ও বিপুল পরিমাণ তুলা পুড়ে গেছে। আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
নগরীর মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর আলম বলেন, মেশিন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ তদন্ত করার পর বলা যাবে।