ফতুল্লায় স্বামীর হাতে পোশাক শ্রমিক খুন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গতকাল বুধবার সকালে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত ওই গৃহবধূ ফতুল্লা বিসিক নগরের ফকির অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
গৃহবধূর নাম শিখা (২৫)। তিনি শেরপুরের সাতপাখিয়া গ্রামের মো. মাহবুবের স্ত্রী।
পুলিশ জানায়, দুপুরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে দেওভোগ পশ্চিম নগর এলাকার দিল মোহাম্মদের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
শিখার ছোট ভাই মাহমুদুল হাসান অপু বলেন, তাঁরা সাতপাখিয়া গ্রামের বাসিন্দা। ১০ বছর আগে শিখা ও মাহবুবের বিয়ে হয়। তাঁদের দুই মেয়ে রয়েছে। মাহবুব বিয়ের পর থেকেই যৌতুকের জন্য শিখাকে মারধর করতেন। শিখা তাঁর দুই মেয়েকে গ্রামে বাবা-মায়ের কাছে রেখে ফতুল্লায় ফকির অ্যাপারেলসে চাকরি নেন। এর মধ্যে মাহবুবও কাজের নাম করে ফতুল্লায় শিখার কাছে চলে আসেন। চলতি মাসে শিখা ১১ হাজার টাকা বেতন পান। মাহবুব সেই টাকার জন্যই শিখাকে হত্যা করেছেন।