ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মীরু গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় চার যুবককে চাপাতি দিয়ে জখম করার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের নেতা মীর হোসেন মীরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার পাগলার রেলস্টেশন এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এলাকায় তিনি ল্যাংড়া মীরু নামে পরিচিত।
মীর পাগলার রেলস্টেশন এলাকার প্রয়াত নূর মোহাম্মাদের ছেলে। তিনি সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার পাগলা বউবাজার এলাকার ইউছুফ ব্যাপারীর ছেলে ইমরান হোসেনের বাসায় তাঁর চার বন্ধু বেড়াতে আসেন। রাত সাড়ে আটটায় তাঁরা চারজন বাড়ির উদ্দেশে রওনা হন। পাগলা রেলস্টেশনের কাছে মীর হোসেন ও তাঁর লোকজন ওই চারজনের পথ রোধ করেন। মীর হোসেনের নির্দেশে তাঁর সহযোগীরা চারজনকে মারধর করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আশপাশের লোকজন ছুটে এলে পিস্তলের গুলি ছুড়ে তারা পালিয়ে যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। এ ঘটনায় রাতে ইমরান হোসেন মামলা করেন। গতকাল দুপুরে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা নিজ বাসা থেকে মীর হোসেনকে গ্রেপ্তার করেন।
এলাকাবাসী জানান, মীর হোসেন ফতুল্লার পাগলা এলাকার নিহত সন্ত্রাসী তোফাজ্জল হোসেন সিকদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, মাদকসহ একাধিক মামলা রয়েছে। তোফাজ্জল হোসেন সিকদারের মৃত্যুর পর পাগলা এলাকা এককভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেন মীর হোসেন। ওই সময় তাঁর প্রতিপক্ষ হন একই এলাকার সজল বাবুর্চি। ২০০৯ সালে পাগলা রসুলপুর আকনপট্টি এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে সজল বাবুর্চি গ্রুপের সঙ্গে মীরু বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। তখন মীর হোসেনের পায়ে গুলি লাগে। তবে হুইলচেয়ারে বসেই তিনি নিয়ন্ত্রণ করেন মাদক ও অবৈধ পরিবহন ব্যবসা।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, মীরুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শুক্রবার রাতে চার যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।