ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগের নেতা হত্যার ঘটনায় আটক ৩ লাশ নিয়ে শহরে মিছিল
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগের নেতা সোহেল হত্যার ঘটনায় গত শুক্রবার রাতে তিনজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন কামরুল ইসলাম ওরফে হিটলার, সালাউদ্দিন ও মমিনুল ইসলাম। তবে এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত মামলা হয়নি। গতকাল সকালে সোহেলের লাশ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা শহরে মিছিল করেছেন।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার গতকাল জানান, এখনো কোনো মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। ফতুল্লার দাপা পিলকুনি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।গতকাল সকালে সোহেলের লাশ নিয়ে ফতুল্লা থানা আওয়ামী লীগ শহরে মৌন মিছিল বের করে। শহরের মণ্ডলপাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় পৌর শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি চন্দন শীল, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির প্রমুখ।বিকেলে ফতুল্লা দাপা ইদ্রাকপুর জামে মসজিদে জানাজার পর সোহেলের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। জানাজায় আওয়ামী লীগের নেতা ও সাবেক সাংসদ শামীম ওসমানসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নেন।গত শুক্রবার সন্ধ্যায় ফতুল্লার দাপা এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে থানা স্বেচ্ছাসেবক লীগের শ্রমবিষয়ক সম্পাদক সোহেলকে। এ সময় গুরুতর আহত হন জসিম নামের একজন।