ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নারী ও ট্রাকচালকসহ তিনজন নিহত হয়েছেন। গত রবি ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাতে ফতুল্লা থেকে ওয়ার্কশপের কর্মী হাফেজ মুসা মোটরসাইকেলে করে রাজধানীর দিকে যাচ্ছিলেন। মেরিএন্ডারসন রেস্তোরাঁ এলাকায় বিপরীতগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। আর গতকাল সকাল ১০টায় ফতুল্লার মোস্তাফিজ সেন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় বোরাক পরিবহনের একটি যাত্রীবাহী বাস পথচারী হাবিবাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই হাবিবা মারা যান।
এদিকে গতকাল বিকেলে চাষাঢ়া থেকে রডবোঝাই একটি ট্রাক সাইনবোর্ডের দিকে যাচ্ছিল। ট্রাকটি চাঁদমারী এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি রিকশা হঠাৎ সামনে পড়ে। এ সময় চালক দ্রুত ট্রাক থামানোর চেষ্টা করেন। তবে ট্রাকটির সামনের অংশ দুই ভাগ হয়ে স্টিয়ারিংয়ের চাপা লেগে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করেন।