ফতেপুরে ঝিনাই নদে সেতু নেই, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরের ফতেপুর বাজারের পাশে ঝিনাই নদের​ ওপর সেতু না থাকায় এলাকাবাসীকে ঝুঁকি নিয়ে সাঁকো ও নৌকায় পার হতে হয়। গতকাল তোলা ছবি l প্রথম আলো
টাঙ্গাইলের মির্জাপুরের ফতেপুর বাজারের পাশে ঝিনাই নদের​ ওপর সেতু না থাকায় এলাকাবাসীকে ঝুঁকি নিয়ে সাঁকো ও নৌকায় পার হতে হয়। গতকাল তোলা ছবি l প্রথম আলো

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর বাজারের পাশে থলপাড়া এলাকায় ঝিনাই নদে সেতু নেই। ফলে মির্জাপুর, বাসাইল ও সখীপুর উপজেলার ১৭টি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে।

এলাকার অনেকে বলেন, মির্জাপুরের সুতানড়ী, বানকাটা, থলপাড়া, পোড়াবাড়ি, গোবিন্দপুর, বন্যাতলী, রামপুর, তরফপুর, পাথরঘাটা ও গাজেশ্বরী; বাসাইলের সিংগারডাক, রাশড়া ও মটেশ্বর এবং সখীপুর উপজেলার চাকদহ, বেড়বাড়ি, হাতীবান্ধা ও কামিলাচালা গ্রামের মানুষ এ এলাকা দিয়ে চলাচল করে। ফতেপুর বাজার ঘিরে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। বাজারের পাশে রয়েছে হাট ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতেপুর উচ্চবিদ্যালয়, ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয় ও ইউনিয়ন ভূমি কার্যালয়। গ্রামগুলোর মানুষ সড়কপথে মির্জাপুর ও আশপাশের এলাকাসহ টাঙ্গাইল জেলা সদরে যেতে এ রাস্তা ব্যবহার করেন। কিন্তু সেতুর অভাবে দীর্ঘদিন ধরে জনসাধারণ দুর্ভোগ পোহাচ্ছে। অনেকেই দুর্ভোগ এড়াতে নদের ওপার থেকে স্থানান্তর হয়ে বাজার এলাকায় বাড়ি করেছে।

গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, লোকজন হেঁটে বাঁশের সাঁকো দিয়ে নদ পার হচ্ছে। ঝুঁকি নিয়ে শিশু শিক্ষার্থীরাও নদ পার হচ্ছে। ছোট নৌকা দিয়ে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে।

নৌকার মাঝি ফতেপুর গ্রামের বুদ্দু মিয়া বলেন, ২২ বছর ধরে তিনি এখানে নৌকা চালান। বর্ষাকালে কর্ণ পাটনী নামের একজন বড় নৌকা চালান। বাঁশের সাঁকো দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ১০ হাজার লোক পারাপার হয়। তিনি কমপক্ষে ২০০ মোটরসাইকেল পার করেন।

সুতানড়ী গ্রামের গৌর চন্দ্র মণ্ডল বলেন, নদটির স্থানীয় নাম বউমরা নদী। এর পশ্চিম পারে ফতেপুর গ্রাম। পূর্বপারে বারকাঠি বিল। সেখান থেকে কৃষকেরা ফসল কেটে সময়মতো বাড়ি নিতে পারেন না। জমির পাশে উঁচু জায়গায় কিংবা অন্যের বাড়িতে ফসল মাড়াই করতে হয়। কেউ ফসল বাড়ি নিতে চাইলে বর্ষায় নৌকাযোগে আর গ্রীষ্মে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে ভ্যানযোগে থলপাড়া-হিলরা হয়ে নিতে হয়। নদীর পূর্বপারের লোকজনকে ফসল বাজারে আনতে হলে নৌকা কিংবা ভ্যান ভাড়া দ্বিগুণ গুনতে হয়। আর বাড়ি থেকে বিক্রি করতে চাইলে পাইকারি ব্যবসায়ীদের কাছে কম দাম পাওয়া যায়।

ফতেপুর বাজারের ব্যবসায়ী ঝন্টু পাল বলেন, অন্ধকার রাতে দোকান বন্ধ করে বাড়ি যেতে খুবই কষ্ট হতো। ভয় করত। বর্ষায় মাঝেমধ্যে নদীতে নৌকা পাওয়া যেত না। এ কারণে ১৫ বছর আগে থলপাড়া থেকে এসে ফতেপুরে বাড়ি করেছেন। পরিবারের সদস্যদের নিয়ে তিনি সেখানেই থাকেন।

ফতেপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন তালুকদার বলেন, এ এলাকায় একটি সেতু নির্মাণ করা খুবই জরুরি। এতে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, ব্যবসা বৃদ্ধিসহ এলাকাবাসীর সার্বিক উন্নতি ঘটবে।

এ ব্যাপারে উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. ফিরোজ রেজা বলেন, জনগুরুত্বপূর্ণ ওই এলাকায় সেতু হওয়া দরকার। এ বিষয়ে এলাকাবাসীর চাহিদার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।