ফতেপুরে সেতু না থাকায় দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের ফতেপুর এলাকার আবুয়া নদীতে সেতু না থাকায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাজারো মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। চার বছর আগে ওই স্থানে একটি সেতু নির্মাণের কাজ শুরু হলে এলাকাবাসী আশাবাদী হয়ে ওঠেন। কিন্তু কিছুদিন পরই কাজ বন্ধ হয়ে যাওয়ায় তাদের আশাহত হতে হয়।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা শহর থেকে তাহিরপুর উপজেলায় দুটি সড়ক দিয়ে যাতায়াত করা যায়। একটি হলো বিশ্বম্ভরপুর উপজেলা সদর হয়ে। এই সড়ক দিয়ে সুনামগঞ্জ থেকে তাহিরপুরের দূরত্ব ৩৮ কিলোমিটার। অন্যটি সুনামগঞ্জ থেকে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর হয়ে। এ সড়ক দিয়ে সুনামগঞ্জ থেকে তাহিরপুরের দূরত্ব ২৯ কিলোমিটার। ফতেপুর হয়ে তাহিরপুর যাতায়াত করতে ফতেপুর বাজারের পাশের আবুয়া নদীতে একটি খেয়া পার হতে হয়। তাহিরপুর উপজেলার সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে চার বছর আগে আবুয়া নদীতে একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু সেতু নির্মাণের জন্য নদীতে দুটি পিলার নির্মাণের পর সেগুলো নদীতে দেবে যায়। পরে আর কোনো কাজ হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নদীর যেখানে সেতু নির্মাণ হচ্ছে, সেখানে গভীরতা বেশি। তাই নকশা অনুযায়ী পিলার স্থাপনের পর দুটি পিলারই দেবে যায়। পরে কাজ বন্ধ রাখা হয়।
তাহিরপুর উপজেলা সদরের বাসিন্দা শিক্ষক গোলাম সরোয়ার বলেন, ২০১৫ সালের আগস্ট মাসে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় সুরমা নদীর ওপর সেতু চালু হওয়ায় পর থেকে বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার লোকজনের জেলা শহরে যাতায়াত সহজ হয়েছে। এখন তাহিরপুর উপজেলার লোকজনের শুধু ফতেপুর এলাকার আবুয়া নদীর খেয়া পার হতে হয়। আগে দুটি খেয়া পার হতে হতো। তবে বিশ্বম্ভরপুর উপজেলা সদর ঘুরে গেলে কোনো খেয়া পার হতে হয় না। কিন্তু এ ক্ষেত্রে সময় লাগে বেশি। ফতেপুর হয়ে যাতায়াত তাহিরপুরের লোকজনের জন্য সহজসাধ্য ও সময়সাশ্রয়ী। কিন্তু আবুয়া নদীতে সেতু না থাকায় তাহিরপুরবাসীর যাতায়াতে খুব সমস্যা হচ্ছে।
ফতেপুর বাজারের ব্যবসায়ী আমিরুল ইসলাম বলেন, ‘এখানে একটি সেতু নির্মাণের জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। সেতুর কাজ শুরুও হয়েছিল। কিন্তু কিছুদিন কাজ করার পর তা বন্ধ হয়ে যায়।’
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ার্যরমান মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘আমাদের উপজেলার বেশির ভাগ লোক এখন বিশ্বম্ভরপুর উপজেলা শহর হয়ে জেলা সদরে যাতায়াত করেন। এতে সময় বেশি লাগে। ফতেপুর এলাকার সেতুটি হলে তাঁরা সরাসরি জেলা শহরে যাতায়াত করতে পারবেন। এতে সময়ও কম লাগবে।’
এ ব্যাপারে সওজের সুনামগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী দেবাশীষ রায় বলেন, ‘ফতেপুর এলাকার আবুয়া নদীতে সেতুটি পুননির্মাণের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্প অনুমোদিত হলে কাজ শুরু হবে।’