ফতেহপুর চা বাগানের জমি অবৈধ দখলমুক্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর চা-বাগানে অবৈধ দখলকৃত ভূমি অভিযান চালিয়ে দখলমুক্ত করেছে জেলা প্রশাসন। গতকাল শুক্রবার সিলেট জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও আরডিসি মো. মনির হোসেনের নেতৃত্বে ফতেহপুর চা-বাগানে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুর রহমান খান, বাগানের মহাব্যবস্থাপক জুনায়েদ চৌধুরী, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কল্যাণব্রত চৌধুরী প্রমূখ।
কল্যাণব্রত চৌধুরী জানান, সরকার কর্তৃক বরাদ্দকৃত চা-বাগানের ভূমিতে দীর্ঘদিন থেকে ভূমিখেকো ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর ষষ্ঠখন্ড গ্রামের মিনহাজ উদ্দিন ও একই গ্রামের তানজির আহমদ ১৯ একর ৮০ শতক জায়গা দখল করে কোটি টাকার গাছগাছালি নির্বিচারে বিক্রি করছিলেন। বাগানের পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে আসার একমাত্র রাস্তাটি দখল করে বন্ধ করে দেওয়ায় বাগানে উৎপাদিত প্রায় এক কোটি ৬০ লাখ টাকা মূল্যের কাঁচা চা-পাতা সংগ্রহ ও সরবরাহ করতে না পারায় তা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এই অবস্থায় বাগান কতৃপক্ষের আবেদনে এই অভিযান চালানো হয়।