ফতেহাবাদে জাপার প্রার্থীকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার এম এ ছালামের বিরুদ্ধে জাতীয় পার্টির প্রার্থী মো. আলেক মিয়াকে অবরোধ করে রাখা ও তাঁর কর্মীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক ভন্ডুল ও নির্বাচনী কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার কুমিল্লায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মো. আলেক মিয়া এ অভিযোগ করেন। ২২ মার্চ দেবীদ্বার উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
বেলা ১১টা ৩০ মিনিটে কুমিল্লা নগরের নজরুল অ্যাভিনিউ এলাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেবীদ্বার পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোসলেম মোল্লা, উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান।
সংবাদ সম্মেলনে মো. আলেক মিয়া দাবি করেন, ১৮ মার্চ সন্ধ্যায় ফতেহাবাদ মোকামবাড়িতে জাতীয় পার্টির উদ্যোগে উঠান বৈঠক হয়। একজন পুলিশ কর্মকর্তার ভাই গোলাম মোস্তফা, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর ছোট ভাই খন্দকার গোলাম মোস্তফা ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার খানের নেতৃত্বে ২০ থেকে ২৫টি মোটরসাইকেল নিয়ে সেখানে হামলা চালানো হয়। এ সময় জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়। একপর্যায়ে তাঁকে অবরোধ করে রাখা হয়। অভিযোগ প্রসঙ্গে খন্দকার এম এ ছালাম বলেন, ‘জাতীয় পার্টির প্রার্থী অসত্য অভিযোগ তুলেছেন। কে বা কারা তাঁর উঠান বৈঠকে হামলা করেছে, আমি জানি না।’