‘চেয়ারে বসে নামাজ আদায় করা বৈধ নয়’—ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ফতোয়া বিভাগের দেওয়া এই ফতোয়া অনুমোদন করেনি ইফার বোর্ড অব গভর্নরস বা পরিচালনা বোর্ড। গত মঙ্গলবার অনুষ্ঠিত এই সভায় বলা হয়, এই ফতোয়া ইসলামিক ফাউন্ডেশনের নয়।
পরিচালনা বোর্ড সূত্র জানায়, চেয়ারে বসে নামাজ আদায় করা নিয়ে গণমাধ্যমে পাঠানো ফতোয়াটি ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের মুফতি মোহাম্মদ আবদুল্লাহসহ অন্যদের ব্যক্তিগত মত। তাঁদের এই মত পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য দেশের প্রখ্যাত আলেম, মুহাদ্দিস ও মুফাসসিরদের নিয়ে ১১ সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। ধর্মমন্ত্রী মতিউর রহমান সভায় সভাপতিত্ব করেন।
এ বিষয়ে জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল ফতোয়া পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্তের কথা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ইফার বিজ্ঞ চারজন আলেম ও সবার সঙ্গে আলোচনা করে কমিটির সদস্যের নাম ঠিক করা হবে। এর প্রধান কে হবেন, তা পরে ঠিক করা হবে।
এক প্রশ্নের জবাবে মহাপরিচালক জানান, কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত যত তাড়াতাড়ি সম্ভব ইসলামিক ফাউন্ডেশন দেশবাসীকে জানাবে।
অবশ্য সভায় উপস্থিত ইফার বোর্ড অব গভর্নরসের দুজন সদস্য প্রথম আলোকে বলেন, কারও ব্যক্তিগত ফতোয়া ফাউন্ডেশনের নামে গণমাধ্যমে পাঠানোর কাজটি মুফতি মোহাম্মদ আবদুল্লাহ একা করেননি। এর পেছনে আরও অনেকে জড়িত আছেন। এর তদন্ত হওয়া উচিত।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও মুফতি আবদুল্লাহকে পাওয়া যায়নি।
‘চেয়ারে বসে নামাজ আদায় করা বৈধ নয়’—এই ফতোয়া নিয়ে আলেম সমাজসহ সাধারণ মুসল্লিদের মধ্যেও প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়।