হাইকোর্টের নির্দেশনা লঙ্ঘন করে বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁর এলাকায় হিল্লা বিয়ের ফতোয়ার ঘটনা থানায় বসে আপস করে দিয়েছেন বলে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তে সত্যতা মিলেছে।
কমিশনের তদন্ত দলের প্রধান ও জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক (অভিযোগ ও তদন্ত) ইমাম উদ্দিন কবির প্রথম আলোকে বলেন, ১ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনের (শিরোনাম ছিল ‘তালাক বললেই হিল্লা বিয়ে, নয়তো গ্রামছাড়া’) ভিত্তিতে উপজেলার দক্ষিণ চকজোড়া গ্রামে একাধিক হিল্লা বিয়ের ফতোয়াবাজির ঘটনা তদন্তের সিদ্ধান্ত নেয় কমিশন। বুধবার সরেজমিনে তদন্তে এসে প্রথম আলোর প্রতিবেদনের শতভাগ সত্যতা পাওয়া গেছে। ইউএনওর মাধ্যমে ভুক্তভোগীদের দেওয়া অভিযোগ আমলে না নিয়ে ওসি উল্টো থানায় বসে মাতাব্বরদের নিয়ে আপস-মীমাংসা করে দিয়েছেন। এতে হাইকোর্টের নির্দেশনা লঙ্ঘন করেছেন ওসি। কারণ হাইকোর্টের নির্দেশনার ৩৪১ ও ৩৪২ ধারায় হিল্লা বিয়ের ফতোয়া আপসযোগ্য নয়, উল্লেখ রয়েছে। অথচ স্থানীয় একজন প্রভাবশালী জামায়াত নেতার গ্রাম হওয়ায় তাঁর দ্বারা প্রভাবিত হয়ে ওসি মামলা না নিয়ে ঘটনা আপস করে দিয়েছেন বলেও তদন্তে এসে জানা গেছে। ইতিমধ্যে ইউএনওর মাধ্যমে দেওয়া লিখিত অভিযোগ এবং থানায় বসে আপস-মীমাংসার অনুলিপি কমিশন হাতে পেয়েছে। এখন ঢাকায় ফিরে কমিশনের কাছে শাজাহানপুর থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
তবে শাজাহানপুর থানার ওসি মাহমুদুল আলম হিল্লা বিয়ের ফতোয়ার ঘটনা থানায় বসে আপস করে দেওয়ার কথা অস্বীকার করেছেন। ইউএনওর কাছ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘পত্রিকার মাধ্যমে বিষয়টি জানার পর ভুক্তভোগী ও ব্র্যাকের আইনি সহায়তার দায়িত্বে থাকা ব্যক্তিদের বলেছিলাম, মামলা দেন। কিন্তু কেউ রাজি হয়নি। পরে শুনেছি দুই পক্ষ আপস করেছে।’
প্রসঙ্গত, দক্ষিণ চকজোড়া গ্রামটিতে যুগ যুগ ধরে হিল্লা বিয়ের ফতোয়া চালু রেখেছেন মাতাব্বরেরা। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে রাগের মাথায় ‘তালাক’ শব্দ উচ্চারণ করলেই ওই দম্পতির ওপর নেমে এসেছে ফতোয়ার খড়্গ। সর্বশেষ ফতোয়ার শিকার চকজোড়া গ্রামের আখতার হোসেন-ঝরনা বেগম দম্পতি।