ফতোয়া অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালে ফতোয়া অবৈধ ঘোষণাসংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ শুনানি গ্রহণ করেন। সকালে শুরুতে আদালত শুনানির বিভিন্ন দিক ও যুক্তি সম্পর্কে শুনতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিরা সেগুলো তুলে ধরেন। আজ বুধবার আবার শুনানি হওয়ার কথা। এ প্রসঙ্গে আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে আইনজীবী ড. কামাল হোসেন বলেন, ‘এর সঙ্গে সংবিধানের ব্যাখ্যা জড়িত। ক্ষমতা প্রয়োগের উৎস সংবিধানে থাকতে হবে। কোন ক্ষমতাবলে নির্যাতন করা হচ্ছে, তা দেখতে হবে। জাতীয় ঐকমত্য হচ্ছে সংবিধানের ভিত্তি। দেখতে হবে, সংবিধান তাকে সেই অধিকার দিয়েছে কি না।’ তিনি বলেন, ধর্মীয় বিষয় নিয়ে বিতর্ক কাম্য নয়। অযথা বিতর্কের জন্ম দেওয়া ঠিক নয়। পাকিস্তানে শিয়া ও সুন্নিদের বিরোধের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করতে ধর্মের প্রয়োগ সমর্থনযোগ্য নয়। আপিলকারীর পক্ষে আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ফতোয়া কাকে বলে, ফতোয়া ও বিচারের মধ্যে তফাত, এর প্রয়োগ ও অপপ্রয়োগ—এসব বিষয় শুনানিতে উপস্থাপন করা হবে। এ সময় আদালতে আপিলকারীর পক্ষে অ্যামিকাস কিউরি আইনজীবী এম জহির ও আইনজীবী আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। জানা যায়, ১০ বছর আগে হাইকোর্ট ফতোয়ার বিরুদ্ধে এক রায় দেন। ২০০১ সালের ১ জানুয়ারি বিচারপতি গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন। রায়ের বিরুদ্ধে মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ ওই বছরই আপিল করেন।