ফতোয়া ও নারী নীতি নিয়ে ইসলামি দলের সমাবেশ-মিছিল
ফতোয়া নিষিদ্ধ এবং নারী নীতি তৈরি করে সরকার ইসলামকে ধ্বংসের চেষ্টা করছে বলে মন্তব্য করেছে কয়েকটি ইসলামি দল।গতকাল শুক্রবার রাজধানীতে এক সমাবেশে দলগুলোর নেতারা এ অভিযোগ করেন। নারী নীতি বাতিলের দাবি এবং ফতোয়া নিষিদ্ধ করে দেওয়া রায়ের প্রতিবাদে মুক্তাঙ্গনে ওই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ থেকে সরকারের শিক্ষানীতি সংশোধনেরও দাবি জানানো হয়।জুমার নামাজের পর গতকাল রাজধানীতে ইসলামী ঐক্যজোটের নেতা ফজলুল হক আমিনীর নেতৃত্বে মিছিল ও সমাবেশ হয়। বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে আরেক দফা মিছিল ও সমাবেশ হয়।সমাবেশ থেকে ফতোয়া বন্ধের প্রতিবাদে ও নারী নীতি বাতিলের দাবিতে আগামীকাল রোববার মুক্তাঙ্গনে সমাবেশ, প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি পেশ এবং রায় ঘোষণার দিন হাইকোর্টের সামনে গণ-অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। এ ছাড়া অন্য কয়েকটি ইসলামি দল ৪ এপ্রিল ডাকা হরতালের সমর্থনে মুক্তাঙ্গনে আলাদা সমাবেশ করে।সমাবেশে ইসলামী আন্দোলনের নেতারা পবিত্র কোরআন ও হাদিসকে আল্লাহ ও রাসুল (সা.)-এর ফতোয়া আখ্যায়িত করে বলেন, সরকার ফতোয়া নিষিদ্ধ করে কোরআন ও হাদিসকে বাতিল করতে চায়।