ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, ফতোয়া নিষিদ্ধ হলে দেশে আগুন জ্বলবে। এ দেশে ফতোয়া ছিল, আছে এবং থাকবে। তাঁর দাবি, ফতোয়ার বিরোধিতা করার অর্থ আল্লাহর বিরোধিতা করা। কোরআন-হাদিসের বিরুদ্ধে রায় ঘোষণা করার অধিকার কোনো আদালতের নেই।গত শনিবার ইসলামী আইন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ফতোয়া: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় মুফতি আমিনী এ কথা বলেন।মুফতি আমিনী বলেন, ফতোয়া নিষিদ্ধ করে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনো রায় দিলে তা হবে অবৈধ। কোরআন-হাদিসের দেওয়া বিধিবিধানের ওপর রায় দেওয়া যায় না। ফতোয়া নিষিদ্ধ করা হলে প্রয়োজনে লাখ লাখ আলেম রাস্তায় নামবে।মুফতি আমিনী চারদলীয় জোটের শরিক দল ইসলামী ঐক্যজোটেরও চেয়ারম্যান। আলোচনা সভায় তিনি প্রধান বিচারপতি, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, আইনমন্ত্রী, সাংসদ রাশেদ খান মেনন, জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর সমালোচনা করে বলেন, ‘এনারা স্বঘোষিত নাস্তিক।’ তিনি বলেন, ‘বর্তমান শিক্ষানীতি ইসলামবিরুদ্ধ। এই নীতি চালু হলে দেশে ইসলাম থাকবে না। ছাত্রছাত্রীরা সব মুরতাদ হয়ে যাবে।’