ধর্মীয় ফতোয়া ও বিবাদ মীমাংসার স্থানীয় পদ্ধতি যেন বিচারবহির্ভূত শাস্তির পর্যায়ে না যায়, তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলেছে, বেত্রাঘাত ও প্রকাশ্যে নির্যাতনের মতো ঘটনা বন্ধে হাইকোর্ট একের পর এক নির্দেশ দিয়ে গেলেও সরকার এখন পর্যন্ত তা কার্যকর করেনি।আইন ও সালিস কেন্দ্র (আসক), বাংলাদেশ লেবার এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্ট (ব্লাস্ট), ব্র্যাক, বাংলাদেশ মহিলা পরিষদ (বিএমপি) এবং নিজেরা করি ২০০৯ সালে জনস্বার্থে হাইকোর্টে একটি রিট দায়ের করে। ধর্মীয় নেতারা ফতোয়া দিতে পারবেন বলে বিচারবহির্ভূত শাস্তি বন্ধে কর্তৃপক্ষের ব্যর্থতা চ্যালেঞ্জ করে সংস্থাগুলো ওই রিট করে। এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের নারী অধিকারবিষয়ক গবেষক অরুণা কশ্যপ বলেন, ‘এ ধরনের শাস্তিতে নারী ও মেয়েদের জীবন ও স্বাস্থ্যের ওপর দারুণ বিরূপ প্রভাব পড়ে। অথচ এ ধরনের ঘটনা বন্ধ করতে বাংলাদেশের কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।’