ফতোয়াবাজদের প্রতিহত করার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে নড়িয়া উপজেলার চামটা গ্রামে দোররার আঘাতে নিহত কিশোরী হেনা আক্তারের প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিভিন্ন সংগঠন মানববন্ধন, শোক র‌্যালি, মিলাদ মাহফিল ও সমাবেশ করেছে। কর্মসূচি পালনকালে বক্তারা ফতোয়াবাজদের সামাজিকভাবে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। হেনা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তাঁরা।হেনার বিদ্যালয় পঞ্চপল্লী গুরুরাম উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, শিক্ষার্থী ও শিক্ষকেরা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেছেন। এ ছাড়া শরীয়তপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেছে পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, জাতীয় মহিলা সংস্থা, ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স, কিশোরী অধিকার প্রতিষ্ঠায় জেলা স্টিয়ারিং কমিটি, এনএসএ ইউনিয়ন উন্নয়ন কমিটি, মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন, এসডিও, সবুজ কানন উন্নয়ন সংস্থা ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। তারা শহরে শোক র‌্যালিও বের করে।হেনার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন হেনার মা আকলিমা বেগম, পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট জেলা কমিটির সভাপতি রোমেনা আফরোজ, জাতীয় মহিলা সংস্থার সভাপতি রওশন আরা বেগম, নাসির তালুকদার, কাজী নজরুল ইসলাম প্রমুখ।রোমেনা আফরোজ বলেন, ‘ফতোয়াবাজ ও মৌলবাদীদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে। বাংলাদেশের প্রচলিত আইনের বাইরে যাতে গ্রাম্য বিচার-সালিস কোনো গোষ্ঠী কার্যকর করতে না পারে, সে ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে।’রওশন আরা বেগম বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে ফতোয়াবাজ, মৌলবাদ ও গ্রাম্য সালিস রুখতে হবে।