ফতোয়াবাজেরা নারী উন্নয়ন নীতিমালার অপব্যাখ্যা করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী উন্নয়ন নীতিমালার অপব্যাখ্যা করছে ফতোয়াবাজ ও মৌলবাদীরা। আর একে পুঁজি করে নিজেরা কাফন পরে রাস্তায় নেমে এবং শিশুদের পিকেটিংয়ে নামিয়ে তারা ধর্মের অবমাননা করেছে।গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নারীর বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। একই সঙ্গে এসব ফতোয়াবাজের প্রতি বিএনপির সমর্থনকে অগণতান্ত্রিক ও রাষ্ট্রদোহমূলক বলেন তাঁরা।অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, আমিনীরা নারীনীতি নিয়ে যেসব মন্তব্য করেছেন ও প্রতিক্রিয়া দেখিয়েছেন, সেগুলো অপব্যাখ্যার শামিল। তাঁদের কোরআন-সুন্নাহ, এমনকি সংবিধান সম্পর্কেও জ্ঞান নেই। এ কারণে তাঁরা আশ্রয় নিচ্ছেন অপব্যাখ্যার। স্বাধীনতার ৪০ বছর পরও দেশের এ চেহারা দেখে মনে হয়, যেন পাকিস্তানিরা আবার ফিরে এসেছে।অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, সংবিধানের ১১ নম্বর ধারায় সর্বস্তরের নারী-পুরুষের অংশগ্রহণ নিশ্চিত করার কথা উল্লেখ রয়েছে। অথচ আমিনীরা সে কথা মানতে নারাজ। অধ্যাপক গীতি আরা নাসরিন বলেন, শুধু নারীনীতি নয়, আমিনী ও তাঁর অনুসারীরা শিক্ষানীতি নিয়েও অপব্যাখ্যা দিয়েছিলেন। আর এখন নারীদের উত্তরাধিকার ও সম্পত্তির বিষয়ে কোরআনের যেসব নিয়ম লঙ্ঘনের কথা বলছেন, আসলে এ ব্যাপারে নারীনীতিতে কিছুই বলা হয়নি।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ সামাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আজিজুর রহমান, কে এম সাইফুল ইসলাম খান, জোবাইদা নাসরিন, নিলুফার পারভীন, সুরাইয়া আক্তার, শফিউল আলম ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ছাত্রছাত্রীরা অংশ নেন।