হাইকোর্টের ফতোয়াবিরোধী রায় ও সরকারের নারীনীতি বাতিলের দাবিতে চট্টগ্রামের হাটহাজারীতে গতকাল শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ সমাবেশ করেছে। চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।সমাবেশে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শামসুল আলম বলেন, ফতোয়াবিরোধী হাইকোর্টের রায় এবং নারীনীতি কোরআন ও সুন্নাহ পরিপন্থী। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন মেনে নেওয়া হবে না।গতকাল জুমার নামাজের পর হাটহাজারী সদরের ডাকবাংলো চত্বর থেকে কওমি মাদ্রাসার ছাত্র ও সাধারণ মুসল্লিরা মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের হাটহাজারী বাজার, বাসস্ট্যান্ড ও কলেজ গেট প্রদক্ষিণ শেষে আবার ডাকবাংলো চত্বরে এসে শেষ হয়। সেখানে ইসলামী আন্দোলনের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মো. রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আবুল কালাম, নাছির উদ্দিন, মতিউল্লাহ, হাবিবুল হক, খালেদ, মামুনুর রশিদ ও এহছান উল্লাহ।হাটহাজারী উলামা পরিষদের উদ্যোগে আরেকটি বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন শামসুল আলম, ইসলামী ঐক্যজোটের হাটহাজারী সভাপতি নাছির উদ্দিন, হাবিবুল্লাহ নদভি, মীর মোহাম্মদ ইদ্রিস, জাহাঙ্গীর মেহেদি প্রমুখ।