ফতোয়ার নামে বিচারবহির্ভূত শাস্তি দেওয়া কেন অবৈধ ও মৌলিক অধিকার-পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। ‘মা-বাবা ও মেয়েকে জুতাপেটা!’ শিরোনামে ৯ জুন একটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটি গতকাল আদালতের নজরে আনেন অ্যাটর্নি-জেনারেল মাহ্বুবে আলম। তিনি বলেন, আদালত সুয়োমোটো রুল জারি করেছেন। ১২ জুলাই সংশ্লিষ্ট মাতবরদের আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। কেন এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ হয়নি, এ বিষয়ে ওই দিন শ্রীনগর থানার ওসিকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। জানা যায়, ওই গ্রামের আহমদ আলীর ছেলে খলিলের সঙ্গে একই গ্রামের মমিন আলীর মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়। এ ঘটনায় গ্রামের আনোয়ার মাতবরের বাড়িতে সালিসি বৈঠক করা হয়। বৈঠকে আহমদ আলী মেয়েটিকে পুত্রবধূ হিসেবে গ্রহণে অস্বীকৃতি জানান। মাতবরেরা খলিলকে এক লাখ টাকা জরিমানা ও ১০০ বার জুতাপেটা করার সিদ্ধান্ত দেন। কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। সালিসি বৈঠকস্থলেই অন্তঃসত্ত্বা মেয়েটি ও তাঁর মা-বাবাকে ৫০ বার জুতাপেটা করা হয়।