ফতোয়ার বিপক্ষে মত দিলেন দুই অ্যামিকাস কিউরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতোয়া সমর্থনযোগ্য নয় বলে মত দিয়েছেন দুজন অ্যামিকাস কিউরি। ফতোয়া অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির ষষ্ঠ দিনে গতকাল মঙ্গলবার অ্যামিকাস কিউরি মাহমুদুল ইসলাম এবং এম আই ফারুকী এই অভিমত দেন।প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয়জন বিচারপতির বেঞ্চে শুনানি চলছে। এর আগে তিনজন অ্যামিকাস কিউরির মধ্যে দুজন ফতোয়ার পক্ষে মতামত দেন।শুনানিতে আইনজীবী মাহমুদুল ইসলাম বলেন, কারও ব্যক্তিজীবন বিপর্যস্ত করে, এমন ফতোয়া দেওয়া বেআইনি। এটা সংবিধানের লঙ্ঘন। প্রসঙ্গ টেনে তিনি বলেন, মোগল আমলে কাজি বা বিচারকেরা মুফতিদের কাছে মতামত চাইতেন। এই মতামতকে ফতোয়া বলা হতো। এই ফতোয়া দেওয়ার উদ্দেশ্য ছিল কাজিদের সহযোগিতা করা। ব্রিটিশ আমলে এটি বিস্তৃতি লাভ করে। এ হিসেবে এখন মুফতি পদ থাকার কথা নয়, কারণ এখন দেশে কাজি-ব্যবস্থার প্রচলন নেই। ফতোয়া ব্যক্তিগত অভিমত উল্লেখ করে অন্য অ্যামিকাস কিউরিদের দেওয়া বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করে মাহমুদুল ইসলাম বলেন, শহরের চেয়ে মফস্বলে এর প্রভাব বেশি। গ্রামের খেটে খাওয়া মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়। উদাহরণ টেনে তিনি বলেন, ফতোয়া দিয়ে বলা হচ্ছে, বিয়ে সঠিক নয়, একঘরে করে রাখা হচ্ছে। এতে গ্রামের মানুষের ব্যক্তি ও সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়। এটা জীবনের স্বাধীনতা ও মৌলিক অধিকারের ওপর হস্তক্ষেপ।শুনানিতে অ্যামিকাস কিউরি এম আই ফারুকী বলেন, ‘বিদ্যমান আইনের বাইরে কেউ কিছু বলতে পারে না। ফতোয়ার মাধ্যমে দেওয়া বক্তব্য যদি কারও জন্য ক্ষতিকর হয়, এর মাধ্যমে ব্যক্তিজীবন থেকে শুরু করে তাঁর জীবনধারা ক্ষতিগ্রস্ত হলে তা গ্রহণযোগ্য নয়। এমন অধিকার কারও থাকা উচিত নয়। ফতোয়া অনুমোদন দেওয়া হলে দেশ শরিয়াহ আইনের দিকে যাবে। আমাদের দেশে শরিয়াহ আইনের প্রচলন নেই।’ ফতোয়া ও আইনের পার্থক্য তুলে ধরে এম আই ফারুকী বলেন, মুফতির দেওয়া ফতোয়া মানার ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা না থাকলেও বিচারকের রায় মানার ক্ষেত্রে তা রয়েছে।