ফয়সাল হত্যা মামলায় আসামির ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের ছাত্র ফয়সাল এলাহী হত্যা মামলার রায়ে একজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূইয়া এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি সাদাত হোসেন ওরফে সজীব ঢাকার কেরানীগঞ্জ থানার আড়াকুল গ্রামের মৃত আবুল কালামের ছেলে। রায় ঘোষণার পরপর আদালত তাঁর বিরুদ্ধে দণ্ডপরোয়ানা জারি করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সাদাত এই মামলার একমাত্র আসামি।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ১০ অক্টোবর রাত ১১টার দিকে আদাবর থানাধীন বায়তুল আমান হাউজিংয়ের বাসার ছাদে ফয়সালকে হত্যা করেন সাদাত। এ ব্যাপারে ফয়সালের বাবা আবদুল হান্নান মামলা করেন। সাদাত হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, ‘বাবা খুন হওয়ার পর মা-ই তাঁকে আগলে রাখতেন। মায়ের নামে কোনো কথা আমার সহ্য হয় না। আমার চরিত্র নিয়েও সে (ফয়সাল) কথা বলত। এ কারণে আমি ঘটনার দিন ফয়সালকে তাঁদের ছাদে নিয়ে যাই। সেখানে ইট দিয়ে তাঁর মাথায় ও ছুরি দিয়ে গলায় আঘাত করি। এতে ফয়সাল মারা যায়।’ রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এ বি এম বসিরউদ্দিন মিঞা।