ফয়েজ আহ্মদকে নিয়ে স্মারকগ্রন্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমিতে ​ফয়েজ আহ্‌মদ স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা l ছবি: প্রথম আলো
বাংলা একাডেমিতে ​ফয়েজ আহ্‌মদ স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা l ছবি: প্রথম আলো

ফয়েজ আহ্মদ ছিলেন বহুমাত্রিক সৃষ্টিশীল মানুষ। শৈশব থেকে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের মুক্তির লড়াইয়ে তাঁর ভূমিকা অবিস্মরণীয়। বাংলা শিশুসাহিত্যে তাঁর অবদান যেমন অনন্যসাধারণ, তেমনি সাংবাদিকতার ক্ষেত্রে তিনি নক্ষত্রপ্রতিম।
সাহিত্যিক-সাংবাদিক প্রয়াত ফয়েজ আহ্‌মদকে স্মরণে বাংলা একাডেমি সম্প্রতি প্রকাশ করেছে ফয়েজ আহ্মদ স্মারকগ্রন্থ। গতকাল ছিল এই গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান। এ আয়োজনে বক্তারা ওপরের কথাগুলো বলেন। বাংলা একাডেমি ফয়েজ আহ্মদ স্মরণে স্মারকগ্রন্থ প্রকাশ করে বিস্মৃতিপরায়ণ সময়ে ফয়েজ আহ্মদের মতো মানবিক প্রদীপকে ঊর্ধ্বে তুলে ধরেছে বলে অনুষ্ঠানে বক্তারা মন্তব্য করেন।
সোমবার বিকেলে অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রকাশিত গ্রন্থের সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী ও কামাল লোহানী ছাড়াও আলোচনায় অংশ নেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সৈয়দ শামসুল হক, ভারত থেকে আসা গবেষক মন্দিরা ভট্টাচার্য, বুলবন ওসমান, আবেদ খান, সারওয়ার আলী, আতাউর রহমান, ইকবাল বাহার চৌধুরী প্রমুখ। সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, তিনি নানাভাবে পথিকৃতের কাজ করেছেন। তাঁর ছন্দের ওপর অধিকার, শিশুদের মন বোঝার ক্ষমতা—এসবই অত্যন্ত উল্লেখযোগ্য মাত্রার।
একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠানটি শিল্পী আবদুল ওয়াদুদের কণ্ঠে ‘ভয় হতে তব অভয় মাঝে’ শীর্ষক রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে শুরু হয়। ২৪৬ পৃষ্ঠার এই বইটিতে দেশের প্রথিতযশা ৫৬ জন লেখক ফয়েজ আহ্মদ সম্পর্কে লিখেছেন। বইটির মূল্য ৩৫০ টাকা।