চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনায় মুগ্ধ হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। গত শুক্রবার তিনি এইউডব্লিউর বাংলাদেশ উপদেষ্টা পরিষদের সভায় সভাপতির বক্তব্যে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমের বাইরে শিক্ষার্থীদের কর্মকাণ্ড প্রশংসার দাবিদার। যে কেউ এখানে এসে তাঁদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে এর অপার সম্ভাবনার বিষয়টি বুঝতে পারবেন।’ পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বাংলাদেশ উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান। নগরের মেহেদীবাগে এইউডব্লিউর ক্যাম্পাসে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুস সালাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান সুলতানা কামাল, প্রধানমন্ত্রীর সাবেক মূখ্যসচিব আবদুল করিম, চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনোয়ারা হাকিম আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক হামিদা বানু প্রমুখ। সভায় এইউডব্লিউর বর্তমান কার্যক্রম সম্পর্কে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কামাল আহমেদ, মানবিক বিভাগের ডিন ক্যাথেলিন হিউয়েট স্মিথ, শরীরবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ডিন অশোক কেশারী, শিক্ষার্থীবিষয়ক ভারপ্রাপ্ত ডিন ফাতেমা এবং ক্যাম্পাস পরিকল্পনা ও নির্মাণবিষয়ক প্রকল্প পরিচালক মুশতাক হাবিব। সভা শেষে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ‘বেগম সুফিয়া কামাল ফেলোশিপ’ দেওয়া হয়। কবি সুফিয়া কামালের মেয়ে সুলতানা কামাল এইউডব্লিউর তৃতীয় বর্ষের ছাত্রী জাহিদা ইশরাত খানকে এই ফেলোশিপ দেন।