
ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রির ষষ্ঠ দিনে গতকাল শনিবার দেশের সাতটি বিভাগে ৫১০ জন মনোনয়ন ফরম কিনেছেন। এ নিয়ে গত ছয় দিনে ৩০০ আসনের জন্য মোট দুই হাজার ৭৮৩ জন মনোনয়ন ফরম কিনেছেন। এই সময়ে দুই হাজারের অধিক ফরম পূরণ করে জমাও পড়েছে। আজ মনোনয়নপত্র ক্রয় ও জমা দেওয়ার শেষ দিন।
গতকাল শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ষষ্ঠ দিনের মনোনয়নপত্র বিক্রি শেষে সংবাদ ব্রিফিংয়ে দলের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস এসব তথ্য জানান। গতকালের ৫১০টি মনোনয়ন ফরম বিক্রির এক কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা সংসদীয় বোর্ডের কাছে জমা দেওয়া হয়েছে।
মৃণাল কান্তি দাস জানান, ষষ্ঠ দিনে সাত বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ফরম বিক্রি হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মোট ১৫৯টি ফরম বিক্রি হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১০৩টি, রাজশাহী বিভাগে ৬৬টি, খুলনা বিভাগে ৪২টি, রংপুর বিভাগে ৬৬টি, বরিশাল বিভাগে ৪৯টি ও সিলেট বিভাগে ২৫টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মনোনয়নপ্রত্যাশীরা।
কেন্দ্রীয় নেতাদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মৃণাল কান্তি দাস, কামরুল ইসলাম, আবুল হাসানাত মো. আবদুল্লাহ, আজমত উল্লাহ খান, আতিকুর রহমান আতিক, তারানা হালিম, ইলিয়াস মোল্লা, শাহ আলম মুরাদ, মোল্লা মো. আবু কাউসার, মাইনুল হোসেন খান, শ ম রেজাউল, আবদুল বাতেন, খন্দকার রুহুল আমিন, শেখ সোহেল রানা, সমীর চন্দ্র চাকমা, আমিরুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।
ফরম কিনলেন মইন উ আহমেদের ভাই: সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের ছোট ভাই মিনহাজ আহমেদ নোয়াখালী-৩ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।
জানতে চাইলে মিনহাজ আহমেদ প্রথম আলোকে বলেন, গতকাল কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বেগমগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক ও স্থানীয় আওয়ামী লীগের নেতা আজিজুল বাশার।
এর আগে গত সংসদ নির্বাচনে একই আসন থেকে মিনহাজ আহমেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।