ফরম জমা দেওয়া নিয়ে রাজশাহী কলেজ রক্তাক্ত

রাজশাহী কলেজে ভর্তি পরীক্ষার ফরম জমা দেওয়ার সারিতে দাঁড়ানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ রোববার দুপুরে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় তাঁরা প্রশাসন ভবন ও ছাত্র হোস্টেলে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন।
এ ছাড়া রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রাজীব উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর তাঁর বাঁ হাত ভেঙে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীসহ সাতজন আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এদিকে এ ঘটনার পর থেকে ছাত্র হোস্টেলের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন রয়েছে। সাধারণ ছাত্ররা আতঙ্কে হোস্টেল ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের সম্মান শ্রেণীতে ভর্তির ফরম তোলা ও জমা দেওয়ার সারিতে দাঁড়ানোকে কেন্দ্র করে দুপুর পৌনে ১২টার দিকে ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ লেগে যায়। খবর পেয়ে কলেজের উপাধ্যক্ষ হবিবুর রহমান তাঁদের নিয়ন্ত্রণ করতে গেলে উভয় সংগঠনের নেতা-কর্মীদের হাতে তিনি লাঞ্ছিত হন। পরে ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজের প্রশাসন ভবনে ভাঙচুর চালান। এ সময় কলেজ কর্তৃপক্ষ দোতলায় তালা লাগিয়ে দিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা আটকা পড়ে। আর পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়লে ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসের বাইরে লোকনাথ স্কুলের সামনে অবস্থান নেন। পরে পুলিশ তাঁদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে মহানগর গোয়েন্দা পুলিশ গিয়ে প্রশাসন ভবনের তালা খুলে আটক ছাত্রলীগের নেতা-কর্মীদের বের করে দেয়। একপর্যায়ে তাঁরা অস্ত্র নিয়ে কলেজের মুসলিম হোস্টেলের ভেতরে ঢুকে পড়ে এবং সি ব্লকের পেছনের কোয়ার্টারে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন। পরে তাঁরা ওই হোস্টেলের পাশে থাকা রাজীব উদ্দিনের বাঁ হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর তা ভেঙে দেন। এ সময় আতঙ্কে ছোটাছুটির করতে গিয়ে আরও ছয়জন আহত হন। হোস্টেলের ফটকের বাইরে সে সময় পুলিশ দাঁড়িয়ে ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ছাত্রলীগের রাজশাহী কলেজ শাখার সভাপতি রকি ঘোষ বলেন, ফরম জমা দেওয়ার সারিতে দাঁড়ানোকে কেন্দ্র করে ছাত্রদলের নেতা-কর্মীরা কলেজ শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম খান ওরফে ববিনের সঙ্গে হাতাহাতি করেন। এ নিয়ে ঘটনার শুরু। তিনি বলেন, হোস্টেল কক্ষে কারা আগুন দিয়েছেন, তা তাঁরা জানেন না। তবে পুলিশের গুলিতে তাঁদের কর্মী নজরুল ইসলাম আহত হয়েছেন।
রাজশাহী কলেজ ছাত্রদল সভাপতি মরতুজা ফামিন হক জানান, পুলিশ পাহারায় ছাত্রলীগের নেতা-কর্মীরা হোস্টেলে ঢুকে তাণ্ডব চালিয়েছে। তাঁদের কর্মীদের কুপিয়ে জখম করেছেন।
রাজশাহী মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের চিকিত্সক আজিম রেজা বলেন, রাজীবের হাতটি ভেঙে গেছে। বাহু কুপিয়ে জখম করা হয়েছে। তবে চিকিত্সায় সে সুস্থ হবে।
কলেজের উপাধ্যক্ষ হবিবুর রহমান বলেন, তাঁর সঙ্গে দুই দলের নেতা-কর্মীরা খারাপ ব্যবহার করেছেন। তবে তিনি তাঁদের হাত থেকে কলেজের সম্পদ রক্ষা করতে পারেননি।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ঘটনার সময় হোস্টেলের পাশে পুলিশ ছিল। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পুলিশ হোস্টেলের ভেতরে ঢুকতে পারে না। ঘটনার পরে পুলিশকে ভেতরে ডাকা হয়েছে।