ফরম পূরণ করতে না পেরে তিন পরীক্ষার্থী অচেতন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ১৫ হাজার টাকা জামানত দিয়ে এসএসসির ফরম পূরণ করতে না পেরে গতকাল মঙ্গলবার তিন পরীক্ষার্থী অচেতন হয়ে পড়ে।
পরে তাদের হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই রায়পুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রী।
ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, রায়পুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে এবারের এসএসসির নির্বাচনী পরীক্ষায় (টেস্ট) যেসব পরীক্ষার্থী দু-তিন বিষয়ে খারাপ করেছে, তাদের কাছ থেকে ফরম পূরণের জন্য ১৫ হাজার টাকার জামানত দাবি করা হচ্ছে।
এ টাকা না দেওয়ার অনেক পরীক্ষার্থী ফরম পূরণ করতে পারেনি। এ নিয়ে গতকাল মঙ্গলবার বিদ্যালয়ে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের বাগ্বিতণ্ডা হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম বিদ্যালয়ে আসেন। এ সময় তিনি ক্ষুব্ধ অভিভাবকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সঙ্গে বৈঠক করে জামানত না নেওয়ার নির্দেশ দেন। আজ বুধবার বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের শেষ দিন।
শিক্ষার্থী সুলতানা আক্তার ওরফে এলমার অভিভাবক শাহজাহান ও রাবেয়া আক্তারের অভিভাবক মিজানুর রহমান জানান, পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে বিদ্যালয়ে গেলে কর্তৃপক্ষ জামানত ছাড়া ফরম পূরণ করবেন না বলে জানিয়ে দেন। এ কথা শুনে সুলতানা আক্তার ওরফে এলমা, নারগিস আক্তার ও রাবেয়া আক্তার নামের তিন পরীক্ষার্থী অচেতন হয়ে পড়ে যায়। পরে অভিভাবকেরা তাদের মাতৃছায়া হাসপাতাল ও রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।
মাতৃছায়া হাসপাতালের চিকিৎসক সোহেল আরমান বলেন, সুলতানা আক্তার নামের এক পরীক্ষার্থীকে চিকিৎসার জন্য অচেতন অবস্থায় এখানে আনা হয়। অতিরিক্ত চিন্তার কারণে সে অচেতন হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসা শেষে প্রায় এক ঘণ্টা পর সে সুস্থ হয়।
রায়পুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজুরুল কাদের বলেন, ফরম পূরণসংক্রান্ত কারণে কোনো পরীক্ষার্থী অসুস্থ হয়নি। অন্য কোনো কারণে হতে পারে। তা ছাড়া এক-দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো জামানত দাবি করা হয়নি। সরকার নির্ধারিত ফি নেওয়া হচ্ছে। অতিরিক্ত কোনো টাকা নেওয়া হচ্ছে না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া বলেন, জামানত নিয়ে ফরম পূরণ করলে এটি অন্যায়। বোর্ড ফির বাইরে কোনো টাকা না নেওয়ার জন্য শিক্ষকদের চিঠি দেওয়া হয়েছে।