ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলার পুংগলী মডেল উচ্চবিদ্যালয়ে ২০১৭ সালের জেএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। পরীক্ষার্থীদের অভিভাবকেরা এই অভিযোগ জানিয়ে ৩ আগস্ট জেলা শিক্ষা কর্মকর্তা ও ইউএনওসহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, জেএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য শিক্ষা বোর্ড ২৫০ টাকা ফি নির্ধারণ করেছে। এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিন্তু বিদ্যালয়টির প্রধান শিক্ষক বোর্ডের নির্দেশনা অমান্য করে ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত ফি নিচ্ছেন। অতিরিক্ত এই টাকা আদায়ের জন্য তিনি কোনো রসিদ দিচ্ছেন না।

অভিযোগকারীদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছর ওই বিদ্যালয় থেকে ১৬২ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেবে। ফরম পূরণের শেষ দিন ছিল গত ৩১ জুলাই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল হায়দার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা রসিদ ছাড়া কোনো টাকা গ্রহণ করি নাই। পরীক্ষার ফির সঙ্গে গত ছয়-সাত মাসের বেতন ও বিদ্যালয়ের অন্যান্য ফি বাবদ কিছু টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে টাকার অঙ্ক একটু বেশি দেখা যাচ্ছে।’

পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন বলেন, ‘অভিভাবকদের অভিযোগ পেয়েছি। ফরিদপুর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’