ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এবারের এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে গৌরনদী উপজেলার ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় দুই হাজার ৬৫০ জন এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে। ২ নভেম্বর থেকে তাদের ফরম পূরণ শুরু হয়েছে। ১৪ নভেম্বর ফরম পূরণের শেষ দিন।বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য নিয়মিত মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৯০০ টাকা এবং বিজ্ঞান বিভাগে ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে এক হাজার এবং বিজ্ঞান বিভাগে এক হাজার ৯০ টাকা করা হয়েছে।শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, এবারের এসএসসি পরীক্ষার ফরম পূরণে স্কুলগুলোতে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। উপজেলার খাঞ্জাপুর গ্রামের মো. কামাল হোসেন, নলচিড়া গ্রামের মো. খবির আলী, উত্তর চাদর্শী গ্রামের মো. লোকমান হোসেনসহ কয়েকজন অভিভাবক জানান, নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণদের কাছ থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে দুই হাজার ৫৮০ টাকা এবং বিজ্ঞানে দুই হাজার ৬৭০ টাকা, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণদের কাছ থেকে দুই হাজার ৭৮০ ও দুই হাজার ৮৭০ টাকা এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণদের কাছ থেকে দুই হাজার ৯৮০ ও দুই হাজার ৯৭০ টাকা করে আদায় করা হচ্ছে। এ ছাড়া অনুত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে অকৃতকার্য প্রতি বিষয়ের জন্য অতিরিক্ত ২০০ টাকা করে ফি নেওয়া হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির এক সদস্য জানান, গত ২৩ অক্টোবর গৌরনদী গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত উপজেলার ২৫টি হাইস্কুলের প্রধান শিক্ষকদের সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ফি আদায় করা হচ্ছে।গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমল কৃষ্ণ সিকদার, খাঞ্জাপুর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মানিক তালুকদার ও পালরদী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আবু জাফর সিকদার স্বীকার করেন, শিক্ষকদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী এ ফি নেওয়া হচ্ছে।