কুড়িগ্রামের রাজীবপুর ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (বিএ, বিএসএস, বিএসসি ও বিকম) ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এ ছাড়া তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ডিগ্রি পর্যায়ে ফরম পূরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি সর্বোচ্চ দুই হাজার টাকা। সেখানে শিক্ষার্থীপ্রতি পাঁচ হাজার টাকা করে আদায় করা হচ্ছে। অতিরিক্ত ফির প্রতিবাদে দুপুর ১২টার দিকে কলেজের সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন। পরে কলেজের গভর্নিং বডির সভাপতি ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের বেশির ভাগই দরিদ্র ঘরের সন্তান। একসঙ্গে পাঁচ হাজার টাকা করে ফরম পূরণ কঠিন হয়ে পড়েছে। কিছু টাকা কমানোর জন্য অধ্যক্ষ স্যারকে অনুরোধ করলাম, কিন্তু তিনি এক টাকাও কম নেবেন না। এ অবস্থায় আমরা ফরম পূরণ নিয়ে বিপদে পড়েছি।’ আরেক শিক্ষার্থী বলেন, ‘ফরম পূরণে তো টাকা বেশি নেয়ই, তার ওপর স্যারদের কাছে প্রাইভেট পড়া লাগে। প্রাইভেট না পড়লে ব্যবহারিক পরীক্ষায় ফেল করিয়ে দেন স্যাররা।’
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অধ্যক্ষ ইউনুস আলী বলেন, ‘আমরা গভর্নিং বডির সদস্যরা বসে ফরম পূরণে জনপ্রতি সাড়ে তিন হাজার টাকা নির্ধারণ করেছি। ফরম পূরণের ফির সঙ্গে শিক্ষার্থীদের মাসিক বকেয়া বেতন রয়েছে। এ কারণে কারও সাড়ে পাঁচ হাজার টাকা দাঁড়িয়েছে।’
কলেজ পরিচালনা পরিষদের সভাপতি স্থানীয় সাংসদ রুহুল আমিন বলেন, ‘ফরম পূরণে ফি নির্ধারণের জন্য কোনো সভা হয়নি। অধ্যক্ষ এককভাবে ওই ফি নির্ধারণ করেছেন। আমি অধ্যক্ষকে ফি কমানোর জন্য বলেছি।’